প্রিন্ট এর তারিখঃ Aug 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 2, 2026 ইং
লংগদুতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে জোরপূর্বক বিষ খাইয়ে হত্যার অভিযোগ

লংগদু প্রতিনিধি:
রাঙামাটির লংগদুতে আছিয়া আক্তার (১৮) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত ৩০ জুলাই (বৃহস্পতিবার) বিকেলে লংগদু উপজেলার যাত্রামুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আছিয়া একই গ্রামের আছর আলীর মেয়ে এবং হযরত আলীর স্ত্রী।
নিহতের স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জেরে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন আছিয়াকে বেধড়ক মারধর করেন। পরে জোরপূর্বক তাঁর মুখে কীটনাশক ঢেলে দিয়ে হত্যা করা হয়। অভিযোগ করে নিহতের স্বজনরা জানান, বিষপানের পর আছিয়া যন্ত্রণায় ছটফট করলেও পাষণ্ড স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন কোনো চিকিৎসা না দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাঁর মৃত্যু নিশ্চিত হওয়া দেখেছে।
তবে অভিযোগ অস্বীকার করে শ্বশুরবাড়ির লোকজনের দাবি, স্বামীর সাথে ঝগড়া করে আছিয়া নিজেই কীটনাশক পান করেন।
ঘটনার পর তাঁকে আশঙ্কাজনক অবস্থায় লংগদু হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে লংগদু থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ বিষয়ে লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া জানান, "নিহত আছিয়ার স্বজনদের পক্ষে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট